আলুর বিক্রি মূল্য উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষায় ৫০ হাজার টন আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এই আলু হিমাগারে সংরক্ষণ করে আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারে বিক্রি করা হবে।
কৃষকের ক্ষতির আশঙ্কা বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে কৃষি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিব।
কমিটির পর্যালোচনার ভিত্তিতে সরকার এই আলু ক্রয়ের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে হিমাগার গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন বিক্রিমূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে, যাতে তারা উৎপাদন অব্যাহত রাখতে উৎসাহিত হন এবং বাজারে আলুর সরবরাহে স্থিতিশীলতা বজায় থাকে।

