Name of Articleকৃষি উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাংকিং সেক্টর বড় ভূমিকা রাখতে পারে: গভর্নর আহসান এইচ মনসুর
AboutPolicy & Government
Topicকৃষি উদ্যোক্তা, কৃষি উন্নয়ন, বাংলাদেশ ব্যাংক
Share

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান অপরিসীম। কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হলে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে দেশের ব্যাংকিং সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারে আয়োজিত ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আহসান এইচ মনসুর বলেন, “দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে হলে কৃষিকে টেকসই পথে এগিয়ে নিতে হবে। এর জন্য উদ্যোক্তাদের সক্ষমতা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে।”

কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহীর।

শরীফ জহীর বলেন, “দেশের টেকসই উন্নয়নের জন্য কৃষির বিকাশ অপরিহার্য। ইউসিবিএল কৃষি উদ্যোক্তাদের স্বাবলম্বী ও আর্থিকভাবে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তাদের বাস্তব দক্ষতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান।

দিনব্যাপী এই আয়োজনে কৃষি ও কৃষি-সংশ্লিষ্ট খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, সুযোগ এবং উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। কর্মশালায় অংশ নেন তিন শতাধিক কৃষি উদ্যোক্তা।

অনুষ্ঠানের শেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়, যা তাদের কৃষি উদ্যোগ সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments